বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, আলোচনা সভা ও নানা কর্মসূচির মাধ্যমে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মজিবুর রহমান, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাছুম খান আছাদ, সাধারণ সম্পাদক মোঃ আজিম সিকদারসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৯ বছর ধরে কাঠালিয়া প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি উপজেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকতা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। আগামী দিনেও কাঠালিয়ার উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে মোঃ মাসউদুল আলম প্রেসক্লাবের দীর্ঘ ৩৯ বছরের পথচলার বিভিন্ন স্মৃতি ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কাঠালিয়া প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন