চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে একাদশ ও আলিম শ্রেণির ভর্তি সম্পন্ন হবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।
সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনেরও সুযোগ থাকবে।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। সবশেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
মন্তব্য করুন