পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক বিএনপি নেতা মতিউর রহমান দিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, অ্যাডভোকেট অহিদ সরোয়ার কালাম, মহিলা নেত্রী এবং প্রফেসর দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা ধারণ করে বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। নেতারা দলের ঐক্য আরও সুদৃঢ় করে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচি সফল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ আয়োজনে অংশ নেন। এছাড়া দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য করুন