বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও আশপাশের এলাকা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। অনেকের হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসতে শুরু করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন। সেখানে তারা সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

দলটির ভাষ্য অনুযায়ী, দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও গণতন্ত্রকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দলটির নেতারা উল্লেখ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে এসব রাজনৈতিক আদর্শ ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।