আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসি জানায়, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক তালিকার তুলনায় নতুন ভোটার বেড়েছে ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন। বর্তমানে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।
আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে কাট-অফ ডেট ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর যারা নতুন করে ভোটার হয়েছেন বা হবেন, তারা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তবে ভবিষ্যতে কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করা হলে নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচনের তফসিলের নির্দিষ্ট তারিখ জানায়নি কমিশন। সচিব বলেন, নির্বাচন আয়োজনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। তফসিল নিয়ে সিদ্ধান্ত হলে তা দ্রুত গণমাধ্যমকে জানানো হবে।
ভোটকেন্দ্রের সংখ্যা কোন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তার ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ বা সিটি করপোরেশনের মধ্যে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা স্পষ্ট হওয়ার পরই কেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করবে ইসি।
মন্তব্য করুন