নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, কবিতা ও দর্শনকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী এবং পৌর বিএনপির আহ্বায়ক শামীম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনচেতা চেতনার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে নজরুলের জীবনাদর্শ, সাহিত্য ও সৃষ্টিকর্মকে আরও পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন, তাঁর জীবন ও সাহিত্যভিত্তিক বক্তব্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে। একই সঙ্গে জাতীয় কবির অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।