নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি বলে জানা গেছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করেছেন।
এর মধ্যে চিতাওয়ানে সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর রয়েছে পূর্ব নাওয়ালপারাসি। সেখানে ১৮৪টি মরদেহ পাওয়া গেছে। তৃতীয় সর্বোচ্চ ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিম নাওয়ালপারাসি থেকে।
এ ছাড়া গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়া থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার স্রোত এতটাই শক্তিশালী ছিল যে, সেখানকার মরদেহগুলো ভেসে কয়েকশ মাইল দূরে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে সবচেয়ে বড় ভূমিকা রাখছে হেলিকপ্টার।
বন্যায় কিছু এলাকা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, চার দিন পার হলেও সেখানে এখনো পায়ে হেঁটে বা গাড়িতে করে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। এসব এলাকায় পৌঁছানোর একমাত্র উপায় হয়ে উঠেছে হেলিকপ্টার।
এদিকে, শনিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে মাত্র ২০টি শনাক্ত করা সম্ভব হয়েছে।
মর্গে পর্যাপ্ত জায়গা না থাকায় এবং মরদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ফ্রিজারের সংকট থাকায় শনাক্ত না হওয়া মরদেহগুলো দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগে মরদেহগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। ভবিষ্যতে স্বজনরা যাতে এসব মরদেহ শনাক্ত করতে পারেন, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
মন্তব্য করুন