শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে অত্যন্ত বিষধর শঙ্খিনী সাপ (Banded Krait) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পূর্বাসা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপাল গোস্বামীর বাসায় হঠাৎ একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি দ্রুত আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে নাহিদ নামের স্থানীয় এক ব্যক্তি সাপ উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটির অবস্থান শনাক্ত করে সতর্কতার সঙ্গে সেটিকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধারের পর সাপটি শনাক্ত করে তারা জানান, এটি শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait)। শঙ্খিনী দেশের অন্যতম বিষধর সাপ। সাধারণত এ সাপ মানুষের সংস্পর্শ এড়িয়ে চললেও বসতবাড়ি বা লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। তাই এ ধরনের সাপ দেখলে কোনোভাবেই নিজেরা ধরতে বা মারতে না গিয়ে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী বা সংশ্লিষ্ট বন্যপ্রাণী বিভাগের সহায়তা নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “শঙ্খিনী অত্যন্ত বিষধর একটি সাপ। তবে এটি সাধারণত অযথা মানুষকে আক্রমণ করে না। সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পরে উদ্ধারকৃত শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। এতে একদিকে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীটিও রক্ষা করা যায়।