গাইবান্ধার গোবিন্দগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত বেগম মজিদ (বি.এম.) বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সৈয়দা সারা খাতুন সূচীর মৃত্যুর ঘটনায় দায়ী অ্যাম্বুলেন্সচালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ পৌর শহরের বেগম মজিদ (বি.এম.) বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন রাজু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান রাজু, নিহত শিক্ষার্থী সূচীর বাবা সৈয়দ মনিরুল আলম সুমন, বিদ্যালয়ের শিক্ষক অলুপ রায়, হারুনুর রশীদ, শাহাদাত হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-কর্মচারী এবং বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নিহত সূচীর বাবা সৈয়দ মনিরুল আলম সুমন আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কণ্ঠে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী অ্যাম্বুলেন্সচালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সূচী একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার অকালমৃত্যুতে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া বাঁধের মাথায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয় সূচী। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট তার মৃত্যু হয়।