প্রধানমন্ত্রী তারেক রহমান সার্ক প্রক্রিয়াকে আরও শক্তিশালী, কার্যকর ও জনকেন্দ্রিক করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
রোববার (২৩ আগস্ট) দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে গোলাম সারওয়ার সার্ক ও আঞ্চলিক সহযোগিতার প্রতি বাংলাদেশের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন এবং সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের অভিন্ন স্বার্থ ও প্রত্যাশা পূরণে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিয়মিত সংলাপ, যোগাযোগ ও কার্যকর সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি সার্ককে আরও গতিশীল, কার্যকর ও জনকেন্দ্রিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অর্থনৈতিক একীকরণ, আঞ্চলিক সংযোগ, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
নিজ দায়িত্বকালে সার্কের কার্যক্রম সচল রাখা ও এগিয়ে নেওয়ার প্রচেষ্টার জন্য বিদায়ী মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতে সার্ক কৃষি কেন্দ্র ও দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার আয়োজক হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন গোলাম সারওয়ার। সার্ক ও এর বিভিন্ন বিশেষায়িত সংস্থা এবং আঞ্চলিক কেন্দ্রের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী মহাসচিব সার্কের লক্ষ্য বাস্তবায়ন ও আঞ্চলিক সহযোগিতার প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন