রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একের পর এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়ছে। ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবের পর এবার সিনেমাটি নির্বাচিত হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ মূল প্রতিযোগিতায়।
আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে উৎসবটি। এবারের মূল প্রতিযোগিতায় মোট ১০টি সিনেমার সঙ্গে লড়বে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা এটি।
এর আগে ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়ে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে নতুন নজির গড়েছিল ছবিটি।
মনস্তাত্ত্বিক হরর ঘরানার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। রহস্যময় সেই পার্লারে বিয়ের প্রস্তুতির জন্য এক তরুণীর আগমনের পর ঘটতে থাকে অদ্ভুত ও অতিপ্রাকৃত নানা ঘটনা।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। আরও রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
ভেনিস, টরন্টো ও লন্ডন—পরপর তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
মন্তব্য করুন