ঢাকার গণপরিবহন ব্যবস্থা আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, এসব বাস সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনার পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়ায় অনুমোদন, টেন্ডারসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাতেও এসব বাস ভূমিকা রাখবে। ২০০টি বাসের মধ্যে ১০০টি বিভিন্ন রুটে নারীদের জন্য পরিচালনা করা হবে।
মন্ত্রী জানান, নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। একটি বাস একতলা এবং নয়টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু বাসের ভেতরেই নয়, বাসের জন্য অপেক্ষার সময় এবং ওঠানামার সময়ও নারীদের নিরাপদ পরিবেশ দিতে হবে। হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির কারণে নারীরা যাতে গণপরিবহন ব্যবহারে নিরুৎসাহিত না হন, সেদিকে নজর দিতে হবে।
বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, তবে ব্যবস্থাপনা, পরিচালনা ও সেবার মান আরও উন্নত করা প্রয়োজন।
নারীদের জন্য চালু করা বাসসেবা যেন অতীতের উদ্যোগগুলোর মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, নতুন এই সেবাকে টেকসই করা, মান বাড়ানো এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করাই এখন বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন