বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়ন হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে। ফলে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭৪ শতাংশ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করতে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মন্ত্রিসভা থেকে ৭টি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
এ ছাড়া তিনটি আন্তর্জাতিক চুক্তি বা প্রটোকলের খসড়া স্বাক্ষর বা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে একটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদে ১০৪টি আইন পাস হয়েছে।
মন্তব্য করুন