মাছ চাষিদের খুব শিগগির ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে দেশের প্রায় ১৬ লাখ নারীসহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ নেওয়া হলে এ খাতে আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। মৎস্যসম্পদ আরও বাড়াতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।
এ ছাড়া জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন