বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন এবং সাধারণ মানুষের সুফল নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি ও সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন খাল ও জলাশয়ে পোনা অবমুক্ত করা হবে। পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সবসময় পাশে থাকবে।
নারী শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারী সমাজকে শিক্ষিত ও স্বাবলম্বী করতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি মেধাবী ছাত্রীদের বিশেষ উপবৃত্তির আওতায় আনা হবে। এছাড়া প্রাথমিক পর্যায়ের ১ লাখ ২০ হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বিনামূল্যে পোশাক ও স্কুলব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত শাসনামলের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছিল, তার ভোগান্তি এখনো সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে দেশ নতুন এক দিগন্তে প্রবেশ করেছে। এখন শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে।
রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করা কিংবা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন