অর্থের অভাবে দেশের কোনো মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য মানুষকে বিদেশে যেতে না হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থের অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয়, এমন একটি চিকিৎসাব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।’
তিনি জানান, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে নিউরোসায়েন্স হাসপাতালের নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ৫০০ শয্যার ভবন চালু হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ল। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তীতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে যুক্ত হলো আরও ৫০০ শয্যা।
মন্তব্য করুন