রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এ মাসুদ পারভেজসহ দেশের ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের প্রাপ্য অবসরজনিত আর্থিক ও অন্যান্য সুবিধা লাভ করবেন। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বাধ্যতামূলক অবসরের মুখে পড়া ৫৬ পুলিশ কর্মকর্তার মধ্যে ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক (ইনস্পেক্টর) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজসহ বেশ কয়েকজন বিভিন্ন থানায় পুলিশ পরিদর্শক ও ওসির দায়িত্বে কর্মরত। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনকেও অবসরে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন