ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন।
পরে ছোট নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদ নেওয়ার পাশাপাশি নৌকায় বসে হাটের বেচাকেনা এবং চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।
ভীমরুলীর পেয়ারা বাগান ও বাজার পরিদর্শন শেষে ট্রলারে করে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনন্য এই ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজার দেখার অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দদায়ক ছিল।
তিনি জানান, পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন এবং কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয়, সেটিও দেখেছেন। পরে নিজেও স্থানীয় পেয়ারা খেয়ে স্বাদ নেন তিনি।
মন্তব্য করুন