কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারে করে মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন তিনি।
মাতারবাড়ী পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
পরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
মন্তব্য করুন