অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে। এ জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হবে। এখান থেকেই নতুন বাংলাদেশের পথ শুরু হবে। পথ হারিয়ে গেলে আমরা এখান থেকেই শুরু করব।’

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার জীবন্ত দলিল। ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশের ইতিহাস, গণ-অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সেই লক্ষ্যেই এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ‘দেশের তরুণরাই যেন এই স্মৃতির লেখক হয়। আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে গেছি।’ তরুণদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, জাতির গুরুত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। এই জাদুঘর দেশের ইতিহাসচর্চা ও জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যের শেষে উপস্থিত অতিথি ও দেশবাসীকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।