শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিল্পে বিদ্যমান গ্যাস সংকটের পেছনে সময়োপযোগী সিদ্ধান্তের অভাবকে অন্যতম কারণ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
শওকত আজিজ রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী।
তিনি জানান, পুরোপুরি বন্ধ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর অবস্থা, তাদের প্রয়োজনীয় সহায়তা এবং সংকটের ধরন নির্ধারণে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে সরকার। এসব তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন