দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। ফল ঘোষণা উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পরপরই তা অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সহজেই নিজেদের ফল জানতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

এর আগে গত ৯ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। এরও আগে নীতিমালা নিয়ে আইনি জটিলতা, ফল প্রকাশে বিলম্ব এবং আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কয়েক দফা সময় পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা দীর্ঘ হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ প্রকাশিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।