দেশের বেসরকারি মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অবশেষে গত মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের গত মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা বুধবারের পর (৮ জুলাই) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তাদের মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। মে মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৮ এবং জুন মাসের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-১৩৯।
একই দিনে দুই মাসের বেতন ছাড়ের এই সংবাদে সারা দেশের বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।
মন্তব্য করুন