সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বরগুনার বামনা উপজেলায় বৃক্ষরোপণ এবং রোপিত চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ১৩ জুন শনিবার দুপুর ১২টায় সারা দেশের ন্যায় একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পরিবেশবান্ধব ও দূরদর্শী কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় সরকারের এই উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সবুজায়নের এই ধারাকে বেগবান করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে চারা রোপণ করা হচ্ছে।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ নিকহাত আরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি আরও উল্লেখ করেন, বামনা উপজেলায় শুধু গাছ রোপণ করাই মূল লক্ষ্য নয়, বরং রোপিত চারার যথাযথ রক্ষণাবেক্ষণ, নিয়মতান্ত্রিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন থেকে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

এই সবুজ বিপ্লবকে সফল ও সার্থক করতে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

পরিবেশ সচেতনতামূলক এই বিশেষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, বামনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।