মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে আটকে পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন