প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুরে মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন।
ঢাকা থেকে শনিবার দুপুরে সড়কপথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তিনি প্রথমে ধরার খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন। এরপর তিনি খালের পাড়ে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খনন কাজের সূচনা করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় খালের পাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
খনন কাজ ও বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে স্থানীয় নারী, প্রান্তিক কৃষক ও শিশুসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। তারা করতালি ও স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
প্রসঙ্গত, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই ঐতিহাসিক খালটি খনন করেছিলেন। দীর্ঘকাল সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে মৃতপ্রায় অবস্থায় ছিল।
মন্তব্য করুন