মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) দুপুর ৩টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, জুনিয়র কনসালটেন্ট ( সার্জারী) ডা. অশোক ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের জন্য আরও কার্যকর ও মানবিক সেবা নিশ্চিতকরণ।

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গল উপজেলার জনগণের জন্য আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।