শ্রীমঙ্গলের সাতগাঁও চৌমুহনা এলাকায় একটি বাসা থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাতগাঁও চৌমুহনা এলাকার সফেদ মিয়ার চারতলা বাসায় হঠাৎ লজ্জাবতী বানরটি দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা হয়।
খবর পেয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, প্রাণীটি সেনেটারি পাইপ বেয়ে বাসার উপরে উঠে পড়েছিল।
পরে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন