জ্যৈষ্ঠ মাস, গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা কাঁঠাল, বাজারেও পাওয়া যাচ্ছে। কাঁচা কাঁঠালের তরকারি মাংসকেও হার মানায়। তার মধ্যে যদি কাঁচা কাঁঠাল ও মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো সোনায় সোহাগা। কাঁঠালের বীচি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু খাবার। এবারের রান্নার আয়োজন সাজানো হয়েছে কাঁচা কাঁঠাল ও কাঁঠালের বীচির তৈরি খাবার দিয়ে।
কাঁঠাল বীচির বড়া:-
উপকরণ :-
আড়াইশ’ গ্রাম কাঁঠাল বীচি, আলু মাঝারি সাইজের চারটি, ডিম ১টি, বড় ৪টি, টোস্টের গুঁড়া, মিহি করে কাটা পেঁয়াজ ২টি, ৩টি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ এবং ভাজার জন্য তেল।
প্রণালী :-
কাঁঠাল বীচি ও আলু সিদ্ধ করে বেটে নিতে হবে। তারপর এক এক করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে গোল গোল করে ডুবো তেলে ভেজে নিতে হবে। গরম গরম বিকালের নাস্তা অথবা ভাতের সঙ্গে খেতে খুব সুস্বাদু।
কাঁঠালের বীচি ও মুরগির মাংস:-
উপকরণ :-
কাঁঠালের বীচি ৩০০ গ্রাম, মুরগির মাংস মাঝারি টুকরো করা ৫০০ গ্রাম, মরিচ গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো আদা চামচ, ধনে গুঁড়ো আধা চা-চামচ, আদা-রসুন বাটা ২ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, এলাচ ২/৩টি, দারুচিনি ২/৩ টুকরো, তেল ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, লবণ স্বাদমত।
প্রণালী :-
প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি একটু বাদামি হলে মসলা দিয়ে দিতে হবে। মসলা কষানো হলে কাঁঠালের বীচি দিয়ে ভালোভাবে কষাতে হবে। বীচি কষানো হলে তাতে মুরগির মাংস দিয়ে আবার কষাতে হবে। বীচি-মাংস কষানো হলে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণমত (২ কাপ) পানি দিয়ে দিন। সিদ্ধ হলে ঝোল ঝোল অবস্থায় নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন।
কাঁচা কাঠাল রান্না:-
উপকরণ :-
চামড়া/ছোলা ছাড়ানো কাঁচা কাঁঠাল আধা কেজি, হলুদ-ধনে গুঁড়ো আধা চা চামচ করে, সামান্য মরিচ গুঁড়ো, আদা-জিরা, রসুন বাটা ২ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, দারুচিনি-এলাচ বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, তেজপাতা ২টি। পানি, লবণ ও তেল পরিমাণমত।
প্রণালী :-
কড়াইতে তেল গরম করার পর পেঁয়াজ কুচি দিন। বাদামি বর্ণের হয়ে এলে তাতে মরিচ, হলুদ, ধনে, আদা-জিরা-রসুন বাটা, লবণ দিয়ে ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে তাতে কাঁঠাল দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কাঁঠাল কষানো হয়ে গেলে তাতে বাকি সব মসলা ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলতে হবে। এরপর গরম ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে পারেন মজার কাঁঠালের সুস্বাদু তরকারি।
কাঁঠাল-মাংস:-
উপকরণ :-
কাঁঠাল আধা কেজি, গরুর মাংস আধা কেজি, মরিচ গুঁড়ো ১ চামচ, হলুদ আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, আদা-রসুন বাটা ২ চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, দারুচিনি, এলাচি, জিরা ১ চামচ, পেঁয়াজ কুচি, লবণ ও তেল পরিমাণমত।
প্রণালী :-
প্রথমে কাঁঠাল সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিতে পারেন।
কড়াইতে তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে তাতে মরিচ-হলুদ-ধনে গুঁড়ো ও আদা-রসুন বাটা দিয়ে দিন। মসলা কষানো হলে গরুর মাংস ঢেলে দিন। মাংস কষানো হয়ে এলে দারুচিনি, এলাচি-জিরা গুঁড়ো/ফাকি দিয়ে দিন। এরপর কষানো মাংসে সিদ্ধ করা কাঁঠাল ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে দিন। নামানোর ৫ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলুন। এবার সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন মজার কাঁঠাল-মাংস।
মন্তব্য করুন