বৈসাবি উৎসব উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সরকারি প্রাথমিক ও সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্য করা হচ্ছে না। যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামো ও প্রস্তুতি রয়েছে, তারা নিজ উদ্যোগে এই কার্যক্রম চালু করতে পারবে। প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সহায়তাও দেওয়া হবে।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে জানান, জ্বালানি সংকট মোকাবিলায় নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে এবং তিনদিন সশরীরে ক্লাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার কয়েকটি প্রতিষ্ঠান এই পদ্ধতি চালু করবে।
তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালুর ইঙ্গিত দেন। তবে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেবল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় অনলাইন ক্লাস চালুর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি রোববার থেকে কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস শুরু করছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহে তিনদিন (শনি, সোম ও বুধবার) সশরীরে এবং তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অনলাইন ক্লাসের রুটিন ও লিংক সংশ্লিষ্ট শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।
এদিকে, অনলাইন ক্লাস চালুর কারণে দ্বাদশ শ্রেণির প্রথমপত্রের নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী ১৩ এপ্রিল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন