প্রকৃতির অপার বৈচিত্র্যের মাঝে কিছু উদ্ভিদ আছে, যেগুলো সৌন্দর্য ও ঔষধিগুণ—দুই দিক থেকেই বিস্ময় জাগায়। তেমনই এক বিরল বৃক্ষ ‘নাগলিঙ্গম’, যা শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ক্যাম্পাসে দৃষ্টিনন্দন রূপে শোভা পাচ্ছে।
বিটিআরআই-এর উদ্ভিদবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, নাগলিঙ্গম গাছে রয়েছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপ্টিক গুণ। দক্ষিণ আমেরিকা এ উদ্ভিদের আদি নিবাস। বিশাল আকৃতির এ বৃক্ষ সাধারণত প্রায় ৮০ ফুটেরও বেশি উচ্চতায় বেড়ে ওঠে।
গাছটির ফুল অত্যন্ত আকর্ষণীয়—কমলা ও রক্তিম রঙের মিশ্রণে তৈরি এর অনন্য সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। বর্তমানে বিটিআরআই ক্যাম্পাসে থাকা নাগলিঙ্গম গাছে একসঙ্গে ফুল ও ফল দুটোই দেখা যাচ্ছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ। ফলগুলো চকলেট রঙের, ব্যাস সাধারণত ১৫ থেকে ২৪ সেন্টিমিটার। একটি ফলে প্রায় ২০০ থেকে ৩০০টি বীজ থাকে।
ঐতিহাসিকভাবে জানা যায়, ১৭৫৫ সালে ফরাসি উদ্ভিদবিজ্ঞানী জে. এম. আবলেট এ গাছটির নামকরণ করেন। এর বৈজ্ঞানিক নাম Couroupita guianensis। দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে এ গাছের পাতা ও ছালের নির্যাস চর্মরোগ ও ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহৃত হয়। কচি পাতা দাঁতের ক্ষয় রোধে সহায়ক, আর ফলের নির্যাস শরীরে ব্যবহার করলে মশা ও পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায়।
বাংলাদেশে নাগলিঙ্গম গাছের উপস্থিতি খুবই সীমিত। বিটিআরআই সূত্র জানায়, ১৯৯৩ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ চা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল হেলাল এই গাছটির চারা বিটিআরআই ক্যাম্পাসে রোপণ করেন।
চা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা রিয়াদ আরেফিন জানান, গাছটির বহু শাখা-প্রশাখা রয়েছে এবং এর ফুলের সুগন্ধ বিশেষত রাতে তীব্র হয়ে ওঠে, যা ভোর পর্যন্ত স্থায়ী হয়। ফুলের দৈর্ঘ্য প্রায় ৬ সেন্টিমিটার। ফলগুলো বেলের মতো গোলাকার ও বাদামি-খয়েরি রঙের, যা হাতির অত্যন্ত প্রিয় খাদ্য—এ কারণেই এর আরেক নাম ‘হাতির জোলাপ গাছ’।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, সারা বাংলাদেশে এ বিরল প্রজাতির গাছের সংখ্যা ৫১টির বেশি নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, বলধা গার্ডেনসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ গাছ দেখা যায়।
সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে আরও একটি নাগলিঙ্গম গাছের সন্ধান পাওয়া গেছে, যা এ বিরল প্রজাতির সংরক্ষণে নতুন আশার সঞ্চার করেছে।
মন্তব্য করুন