পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলা থেকে নিখোঁজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোঃ ইভান (১৪) কে ঢাকার বংশাল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নিখোঁজের অপহরন করে মুক্তিপন দাবী কারী হামিদুর ও আজাহারকে আটক করেছে পুলিশ। ইভান রাঙ্গাবালী থানার পশ্চিম কাউখলী
 গ্রামের পলাশ খান ও মোর্শেদা বেগম দম্পতির ছেলে। ইভান রাঙ্গাবালী কাউখালি এলাকায় একটি হাফেজী মাদ্রাসায় পড়াশুনা করে। সে ইতিমধ্যে ২৭ পারা কোরআন শরিফ মুখস্থ করেছে।
গত ১১ জুলাই পড়াশোনার বিষয়ে বাবা-মার সাথে রাগ করে গহীনখালী থেকে লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ইভানকে খুঁজে না পেয়ে তার মা থানায় হাজির হয়ে বিষয়টি জানালে রাঙ্গাবালী থানায় নিখোঁজ ডায়েরি নং-৪২৪, তারিখ-১৫/০৭/২৩ইং করা হয়। উক্ত নিখোঁজ ডায়েরি বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপারকে অবহিত করে রাঙ্গাবালী থানা পুলিশ তদন্ত শুরু করে।
জানা যায়, অপহরণকারীরা ইভানের মাকে ফোন করে জানায় যে ইভান তাদের হেফাজতে কক্সবাজার এলাকায় আছে এবং মুক্তিপণ হিসেবে ৫০,হাজার টাকা দাবি করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা যায় যে লঞ্চে উঠার পর পরই ইভান অপহরণকারীর নজরে পড়ে এবং তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় লঞ্চ থেকে নামিয়ে বংশাল এলাকায় অজ্ঞাত স্থানে আটক রেখেছিল। অপহরণ কারীরা ইভানকে জীবিত ফেরত পেতে হলে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দিতে ইভানের মাকে হুমকি প্রয়োগ করতে থাকে।
তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম বিষয়টি ডিএমপি লালবাগ জোনের উর্ধ্বতন অফিসারদের অবহিত করেন। এর পরপরই বংশাল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইভানকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন এবং অপহরণ ও মুক্তিপন দাবী করা আসামি মোঃ হামিদুর রহমান ও মোঃ আজাহারকে গ্রেফতার করে পুলিশ।