চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাটিকে পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রায় ৩ হাজার সদস্যের বিশাল এক বাহিনী নিয়ে মাঠে নেমেছে যৌথ কমান্ড।
জঙ্গল সলিমপুরের অভিযান নিয়ে সোমবার (৯ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বলছেন, অনেক বড় অভিযান, যৌথ বাহিনীর ৩ হাজারের বেশি সদস্য জঙ্গল সলিমপুরের অভিযান চালাচ্ছে। বিভিন্ন বাহিনীর অফিসার এখানে কাজ করছেন। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অভিযান চলবে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প হবে। এখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে। সন্ত্রাসী আস্তানা হিসেবে যেন না থাকে সেই ব্যবস্থা নেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন