মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে মোট আনুমানিক ২লক্ষ ৫৯ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই এনামুল হক সাগর, এসআই মোঃ জুনেদ আহমদসহ পুলিশের একটি দল কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকায় হোসাইন মনসুরী সুমনের বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি লোশন, বডি স্প্রে ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১ লক্ষ ৭ হাজার ৯৩০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে আমিরুল ইসলাম (৩৮), মোঃ সোহেল রানা (৩৯), মোঃ আরিফ (৪০), মিনারুল ইসলাম (৩৫), মোঃ বাবু মন্ডল (৪০) এবং মোঃ রুহুল আমিন (৩৬) নামে ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কুলাউড়া পৌরসভার আহমদাবাদ নতুনপাড়া এলাকায় ইমা বেগমের মালিকানাধীন একটি ভাড়া বাসায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, বডি স্প্রে, বডি লোশন ও বিউটি ক্রিমসহ আনুমানিক ১ লক্ষ ৫১ হাজার ২৭০ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন