গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৫৫ লক্ষ পিস চিংড়ির রেণু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৫টার দিকে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে প্রায় ৫৫ লক্ষ পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
এ সময় ট্রাকটির চালক ও হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মুচলেকা গ্রহণ করে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

পরে পটুয়াখালী উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ চিংড়ির রেণু লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধভাবে চিংড়ির রেণু সংগ্রহ ও পরিবহন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।