আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে পটুয়াখালী সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার সকাল ১১টায় সেনাবাহিনী প্রধান হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলায় পৌঁছান। সফরকালে তিনি পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
পরে সেনাবাহিনী প্রধান জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করুন