শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮টি সাজা ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. দেলোয়ার হোসেন (৩৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার জানাউরা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

তিনি আরো জানান, সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মোট ৮টি সাজা ওয়ারেন্ট রয়েছে, যার মধ্যে ৭টি সিআর মামলা ও ১টি জিআর মামলা।

পুলিশ জানায়, মো. দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিজের পরিচয় ও লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি বিভিন্ন সময় পেশা ও চেহারার রূপ পরিবর্তন করতেন। অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।

গ্রেপ্তারের পর আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।