পটুয়াখালীর কুয়াকাটায় এনা পরিবহন থেকে পর্যটকের লাগেজ চুরিকে কেন্দ্র করে ইজি বাইক চালক সভাপতিকে মারধর ও হেনস্তার প্রতিবাদে ছাত্রদল নেতার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে ইজিবাইক চালকরা।

রবিবার সন্ধায় এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা পৌর ছাত্রদল নেতা আউয়াল এর বিচার সহ ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানান তারা।

বিক্ষোভকারী অটোচালকরা বলেন, গত ২৫ নভেম্বর রাতে এনা পরিবহন থেকে পর্যটক দম্পতির লাগেজ চুরি হয়। এঘটনাটি সমাধান না হওয়ায় ইজিবাইক চালক মনির কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরকে অবহিত করে। পরে সেখানে ট্যুরিস্ট পুলিশ গিয়ে এনা পরিবহনের চালককে ৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি সমাধান করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এনা পরিবহনের কাউন্টার ইনচার্জ কুয়াকাটা পৌর ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আউয়াল সহ এনা পরিবহনের স্টাফরা পুলিশকে খবর দেয়ার জন্য অবরুদ্ধ এবং হেনস্তা করে। পরে বিষয়টি কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে অবহিত করেন এবং ছাত্রদল নেতা আউয়াল এর বিচার দাবী করে ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমান। বিষয়টি সমাধানের লক্ষ্যে ছাত্রদল নেতা আউয়ালকে ঢেকে সমাধানের চেষ্টা চালায়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমানকে থাপ্পর দেয়া সহ হেনস্তা করে ছাত্রদল নেতা আউয়াল।

এরই প্রতিবাদে আজ রবিবার সন্ধায় ইজিবাইক চালকরা ছাত্রদল নেতা আউয়াল এর বিচার সহ তাকে দল থেকে বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল করে।

ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমান বলেন, পর্যটক দম্পতির চুরি হওয়া লাগেজ উদ্ধারে সহযোগিতা করার জন্য আমাকে প্রেসক্লাবে বসে মারধর ও হেনস্তা করা হয়েছে। প্রায় সময়ই পরিবহন স্টাফ, কাউন্টার স্টাফরা পর্যটকদের হয়রানি করছে। আর এর প্রতিবাদ করলে আমাদের হেনস্তা করা হয়। এটা খুবই দুঃখ জনক। আমরা এর এর বিচার চাই।

এবিষয়ে কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, ইজিবাইক চালক সমিতির সভাপতি ও এনা পরিবহন কাউন্টার ইনচার্জ আউয়ালকে ডেকে সৃষ্ট ঘটনার সমাধানের জন্য বলা হয়। এসময় আউয়াল তাকে চড় থাপ্পড় দেয় যা দুঃখজনক।

তবে পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইজিবাইক চালকরা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারো প্ররোচনায় এমন বিক্ষোভ মিছিল করেছে বলে তাদের দাবি।