শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পটুয়াখালীর মির্জাগঞ্জের উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার (৪ আগস্ট ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের সুবিদখালী কলেজ রোড ও শিংবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই ও সন্দেহজনক হলে তল্লাশি করছে সেনাবাহিনী।
এসময়ে মোটরসাইকেলসহ ১৩ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে মির্জাগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।
‎পুলিশ জানায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।
‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশের  বিশেষ যৌথ চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন ধরনের গাড়ি তল্লাশী করে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এসময় সড়ক পরিবহন আইনে ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।