মির্জাগঞ্জের কাঠালতলী এলাকা থেকে মসজিদ থেকে জোরপূর্বক রড নেওয়া, মারধর,খুনের হুমকি প্রদান ও চাঁদাবাজির অভিযোগে মোঃ শাহাদাত হোসেন(৪০) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল ও মির্জাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মোঃ শাহাদাত হোসেন (৪০) উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আঃ রাজ্জাক এর পুত্র।
থানা পুলিশ ও সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালতলী এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা আমিনুল ইসলামের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন শাহাদত। চাঁদা না দেওয়ায় গত ২৪ জুলাই মাওলানা আমিনুল ইসলামকে খুনের হুমকি দেয়াসহ মারধর করেন শাহাদাত। এছাড়াও গ্রেফতার শাহাদাত মাধবখালী ইউনিয়ন পরিষদের জামে মসজিদ হতে জোরপূর্বক ৫শ’ কেজি রড নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। কাঠালতলী এলাকার সরোয়ার হোসেন নামে এক ব্যক্তির নিকট থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় এবং স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুর রহমান এর মেয়ে খুশি আক্তার এর দোকান থেকে জোরপূর্বক মালামাল নেওয়ার অভিযোগ রয়েছে শাহাদতের বিরুদ্ধে। দাবীকৃত ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে মারধর ও খুনের হুমকির অভিযোগ এনে গত মঙ্গলবার(২৯ জুলাই) মির্জাগঞ্জ থানায় মাওলানা মোঃ আমিনুল ইসলাম একটি মামলা করেন।মামলা নং- ১৯।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করুন