পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ ও সেনাবাহিনী যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারী মো. জিয়া সিকদার (৪০) কে গাঁজা ও মাদক গ্রহনের উপকরনসহ আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর বাজার সংলগ্ন মেন্দিয়াবাদ মুখী ইটের সোলিং রাস্তার পাশে নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া সিকদার খুলনার সোনাডাঙার নাজিরঘাট এলাকার মৃত. সোবাহান সিকদারের ছেলে ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত আকছেম মৃধার জামাতা।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত সাড়ে রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের একটি বিশেষ টিম এবং মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে দেউলী সুবিদখালী ইউনিয়নের রানিপুর-পূর্ব দেউলী চৌরাস্তা বাসস্ট্যান্ড বাজারের জিয়া সিকদারের নিজ দোকান ঘিরে ফেলে দোকানে তল্লাশি চালিয়ে থানার তালিকাভুক্ত মাদক কারবারী জিয়া সিকদারকে আটক করে। এসময় দোকানে তল্লাশি চালিয়ে ৪০৫ গ্রাম গাঁজা, ২ কৌটা শুকনা গাঁজা, ৬টি গাঁজা স্টিক, ৭টি দিয়াশলাই, ৩টি সিরিঞ্জ, ১টি চাকু, ১টি কাঁচি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার যুবকদের মাঝে মাদক ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করার পেছনে জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । তাঁর গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, জিয়া সিকদার পুলিশের তালিকাভুক্ত ও পেশাদার একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জিয়া খুলনা,পটুয়াখালী ও মির্জাগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।মামলা নং ১৫। আটক জিয়া সিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন