পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন সকাল ৮ টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রগুলোতে সকাল দশটা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে উপ-নির্বাচনের ভোট গ্রহন চলছে। মহিলা ভোটারগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রার্থীরা হল- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম (নৌকা), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নুর মোহাম্মদ মৃধা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া (ঘোড়া), নুরুজ্জামান নিরু (মোটরসাইকেল), কামাল হোসেন (আনারস), মোঃ বাদশা খান (টেলিফোন) ও মোঃ সোহেল হোসেন (চশমা)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া উপ-নির্বাচনে মোট ১৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮৫৮ জন এবং নারী ভোটার রয়েছে ৭৬৭১ জন। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল জানান, এ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে উপ-নির্বাচন ভোট গ্রহন চলছে।
নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবি ও আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন ।
আনন্দমুখর পরিবেশে ইউপি উপ-নির্বাচনে সাধারণ ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ সাইয়েমা হাসান বলেন,পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার নিয়োগ দেয়া হয়েছে। প্রশিক্ষিত প্রিজাইডিং অফিসারগণ কেন্দ্রের দায়িত্বে আছে।
জনগনের স্বত:স্ফূরত অংশগ্রহনের অবাধ সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।