দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১৭ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৬৭ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
মন্তব্য করুন