ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে এসেছেন ‘বিলিওনেরা’খ্যাত বিশ্বনন্দিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের পাশাপাশি দেশীয় সুরের পরিবেশনা নিয়ে থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

বাংলাদেশে পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা। খুব শিগগিরই দেখা হচ্ছে।’

অন্যদিকে, ওটিলিয়ার কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আন্তর্জাতিক পপসংগীতের সঙ্গে ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা কনসার্টে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে পাওয়া যাচ্ছে অগ্রিম টিকিট। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন এই গায়িকা।

উল্লেখ্য, রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী ছিলেন। ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গানটি প্রকাশের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দেশগুলোর সংগীত তালিকায় শীর্ষস্থান অর্জন করে। এরপর থেকেই ‘বিলিওনেরা’ নামেও পরিচিতি পান ওটিলিয়া।