দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার রক্তপাত এড়িয়ে চলার চেষ্টা করেছে। তবে পরিস্থিতির প্রয়োজনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো পরিস্থিতি তিনি দেখছেন না। নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
মন্তব্য করুন