বাংলাদেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো হোল্ডিং। এ বিনিয়োগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করা হবে। এতে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো এবং বাংলাদেশের ডিবিএল গ্রুপের যৌথ উদ্যোগে কারখানাটি স্থাপন করা হবে। এতে ডেনিম উৎপাদনের পাশাপাশি একটি সমন্বিত স্পিনিং ইউনিটও থাকবে। প্রকল্পটিতে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সানকো হোল্ডিং।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। প্রতিষ্ঠানটির টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়ন খাতে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

সানকোর ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে। তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্রও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু। তাঁরা ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবিত ৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। অন্যদিকে, স্থানীয় যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।

ইনভেস্ট বাংলাদেশ জানায়, প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানাটির মাসিক উৎপাদনক্ষমতা হবে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বিনিয়োগের মাধ্যমে দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ শিল্প আরও শক্তিশালী হবে এবং রপ্তানি আয় বাড়বে বলে আশা করছে ইনভেস্ট বাংলাদেশ। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।