মিস ইউনিভার্স প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। পাশাপাশি পোশাকের মাধ্যমে দিয়েছেন নানা বার্তা। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকা নিজের অঞ্চল ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দিয়েছেন শান্তির বার্তা।
মঞ্চে ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে জেরুজালেমের ঐতিহ্য তুলে ধরেন ইয়াবলনকা। তবে পোশাকটির সবচেয়ে আলোচিত দিক ছিল এর ওপর লেখা ‘পিস’ অর্থাৎ ‘শান্তি’ শব্দটি। ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় শব্দটি লেখা ছিল।
সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে ইয়াবলনকার মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকটির দুই পাশে ছড়িয়ে ছিল বিশাল একটি কেপ বা চাদর। এতে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক হিসেবে এসব উপাদান তুলে ধরেছেন ইয়াবলনকা।
পোশাকে তিন ভাষায় ‘শান্তি’ শব্দটি ব্যবহারের মাধ্যমে সহাবস্থান ও শান্তির বার্তা দিতে চেয়েছেন তিনি। নিজের পোশাক প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’
তবে ড্যানিয়েল ইয়াবলনকার শান্তির বার্তা নিয়ে সামাজিক মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ পোশাকের নকশা, কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন।
অন্যদিকে, গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকে এই শান্তির বার্তার সঙ্গে বাস্তব পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।
মন্তব্য করুন