বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চা বিজ্ঞানী ও গবেষক ড. মোহাম্মদ শামীম আল মামুন।
বাংলাদেশ চা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা ও বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ড. শামীম আল মামুন বলেন, শ্রীমঙ্গলের চা বাগান পরিবেষ্টিত বিটিআরআই উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শত শত শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদ্যালয়টির অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
ড. শামীম আল মামুন আরও বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, চা বাগান সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও সুচিন্তিত পরামর্শ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আবারও জাতীয় পর্যায়ের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন