সবুজের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছে একের পর এক ছাদখোলা জিপ। গাড়ির খোলা অংশে বসে চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করছেন পর্যটকেরা। কারও হাতে মোবাইল ফোন, কেউ আবার ক্যামেরায় বন্দি করছেন চা বাগানের অপরূপ সৌন্দর্য। পথের দুই পাশে সারি সারি চা গাছ, পাহাড়ের ঢেউ আর সবুজের সমারোহ। এমন দৃশ্য দেখলেই বোঝা যায়, পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য শ্রীমঙ্গল।
স্থানীয়ভাবে এসব ছাদখোলা জিপ পরিচিত ‘চাঁদের গাড়ি’ নামে। শ্রীমঙ্গলের পর্যটন ভ্রমণে এই গাড়ি যেন এক বিশেষ আকর্ষণ। পর্যটকদের নিয়ে শহর থেকে ছুটে চলে চা বাগান, আনারস বাগান, রাবার বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে। শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত নয়, চাঁদের গাড়িতে চড়ে প্রকৃতির কাছাকাছি যাওয়ার আনন্দও উপভোগ করেন ভ্রমণপিপাসুরা।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শ্রীমঙ্গলের পর্যটন মৌসুম। এরই মধ্যে পর্যটকদের আগমন বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষা শেষ হলে পর্যটকদের ঢল নামবে শ্রীমঙ্গলে—এমন প্রত্যাশা পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
পর্যটকদের আগমনে মুখর হয়ে উঠবে হোটেল, রিসোর্ট, কটেজ ও বাংলোগুলো। অনেক আবাসনকেন্দ্রই পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে ব্যস্ততা বাড়বে চাঁদের গাড়ির চালক, পর্যটন গাইড, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ীদের।
বিশেষ করে শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিনে শ্রীমঙ্গলে পর্যটকদের ভিড় বেড়ে যায়। এসব দিনে পর্যটনকেন্দ্রগুলো মুখর হয়ে ওঠে মানুষের পদচারণায়। পর্যটকদের আগমনে ভালো ব্যবসা হয় চাঁদের গাড়ির চালক ও মালিকদের। একই সঙ্গে পর্যটকনির্ভর হোটেল, রিসোর্ট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও বাড়ে কর্মচাঞ্চল্য।

পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে শ্রীমঙ্গলের চা বাগান। চাঁদের গাড়িতে বসেই দুই পাশের বিস্তীর্ণ চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করেন তারা। খোলা আকাশের নিচে সবুজের সমারোহ, পাহাড়ের ঢালুতে সারি সারি চা গাছ আর বাগানের ভেতর দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পথ পর্যটকদের মুগ্ধ করে। কোথাও কোথাও চা শ্রমিক নারীদের মাথায় ঝুড়ি নিয়ে চা পাতা সংগ্রহের দৃশ্যও নজর কাড়ে ভ্রমণকারীদের। অনেকেই গাড়ি থামিয়ে এসব দৃশ্যের ছবি তোলেন।
দিনভর এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর আনন্দে মেতে থাকেন পর্যটকেরা। চা বাগানের পাশাপাশি ঘুরে দেখেন আনারস বাগান, রাবার বাগান ও বিভিন্ন নৃগোষ্ঠীর পল্লি। আবার মনিপুরি পল্লিতে গিয়ে ঐতিহ্যবাহী মনিপুরি কাপড় কেনাকাটাও করেন অনেকে। প্রকৃতি দেখা, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং পছন্দের জিনিস কেনাকাটা—সব মিলিয়ে শ্রীমঙ্গল হয়ে ওঠে এক বৈচিত্র্যময় ভ্রমণভূমি।

চাঁদের গাড়ির খোলা পরিবেশে ভ্রমণের আলাদা আনন্দ রয়েছে। গাড়ি চলার সময় প্রকৃতির বাতাস গায়ে মেখে পর্যটকেরা উপভোগ করেন চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা থেকে দূরে সবুজের রাজ্যে এমন ভ্রমণ তাদের মনে তৈরি করে ভিন্ন এক অনুভূতি। বিশেষ করে যারা প্রথমবার শ্রীমঙ্গল আসেন, তাদের কাছে চাঁদের গাড়িতে চা বাগান ঘুরে দেখার অভিজ্ঞতা হয়ে ওঠে স্মরণীয়।
প্রকৃতি, জীববৈচিত্র্য, চা বাগান, আনারস ও রাবার বাগান, নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাপন এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প—সবকিছু মিলিয়ে শ্রীমঙ্গল যেন পর্যটকদের কাছে এক স্বপ্নের গন্তব্য। আর সেই স্বপ্নের পথে পর্যটকদের নিয়ে প্রতিদিন ছুটে চলে চাঁদের গাড়ি। সবুজের বুক চিরে আঁকাবাঁকা পথে তাদের এই ছুটে চলা শ্রীমঙ্গলের পর্যটন সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।
মন্তব্য করুন