আগামী ২৪ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামণ্ডপ ও আদমপুর মণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলার ১৮৪তম আসর। ১৮৪২ সাল থেকে চলে আসা এই ঐতিহাসিক উৎসব কেবল মণিপুরী জনগোষ্ঠীর উৎসব নয়, এটি কমলগঞ্জ তথা পুরো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক।

মহারাসলীলা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মণিপুরী ললিতকলা একাডেমির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে সভায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ ও উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত, জনসমাগম ব্যবস্থাপনা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, ‘মহারাসলীলা কমলগঞ্জের ঐতিহ্য ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটে। তাই উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, আয়োজক কমিটি এবং প্রশাসনের সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।’

সভায় মহারাসলীলা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।